প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে আমরা ধরে রাখতে চাই। আমরা পিছিয়ে যেতে চাই না। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর সবুজমতি ভবনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের বুথ ভিত্তিক নেতাদের সঙ্গে মতবিনিময় ও আইডিকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানের আয়োজন করে খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। সাবের হোসেন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বার বার সরকার গঠন করার সুযোগ পেয়েছে বলেই আজকে দেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশ পৃথিবীর দ্রুততম উন্নয়নশীল দেশের মধ্যে একটি।