আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কপ-২৮ সম্মেলনের আগেই জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সরকারকে নিরূপণের সুপারিশ করেছে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া এফডিআর হিসেবে পদ্মা ব্যাংক লিমিটেডে থাকা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ৫৩৬ কোটি টাকা উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির ৪১তম সভায় এ সুপারিশ করা হয়। বৈঠকে কমিটি ২৮তম কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-২৮) আগেই জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব করে একটি তালিকা তৈরি করতে মন্ত্রণালয়কে বলেছে।