বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তা করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছে নরওয়ে। সোমবার (১৬ অক্টোবর) রাজধানীতে একটি সেমিনারে এমন অঙ্গীকারের কথা ব্যক্ত করে নরওয়ে। বাংলাদেশে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) যাত্রা শুরু করার লক্ষ্যে ঢাকাস্থ নরওয়েজিয়ান দূতাবাস, নরফান্ড এবং দ্যা নর্ডিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ (এনসিসিআই) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে নবায়নযোগ্য জ্বালানিতে বর্ধিত বিনিয়োগ, গ্রিন এনার্জিতে বিনিয়োগের সুবিধার জন্য সহায়ক নীতির উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির আর্থিক বাধাগুলো অপসারণের বিষয় আলোচিত হয়।

এছাড়া এক্ষেত্রে অর্থায়ন ত্বরান্বিত করার জন্য প্রযুক্তিগত ও অন্যান্য  সহায়তার জন্য উন্নয়ন অংশীদারদের সঙ্গে সহযোগিতাসহ বাংলাদেশের গ্রিন এনার্জি উত্তরণের ওপর আলোকপাত করা হয়। এসময় নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার-সেভেন্ডসেন বলেন, পুঁজির অ্যাক্সেস নবায়নযোগ্য জ্বালানি শক্তি শিল্পের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য ও অভিজ্ঞ আর্থিক অংশীদার নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ও উন্নয়নের মূল চাবিকাঠি।

রাষ্ট্রদূত প্রতিবন্ধকতাগুলো অপসারণ, শাসন ও স্বচ্ছতা, সু-নিয়ন্ত্রিত বাজার, স্মার্ট ইনসেন্টিভ বাস্তবায়ন ও সঠিক ধরনের বিনিয়োগের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির জন্য একটি গতিশীল ব্যবসায়িক পরিবেশ তৈরি করার ওপর জোর দেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ