টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বায়ু দূষণ রোধে এখনই কার্যকর ভূমিকা না নেওয়া গেলে ভবিষ্যতের জলবায়ু পরিবর্তন আরও বেড়ে যাবে। এ থেকে মুক্তি পেতে বায়ু মান উন্নয়নে স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদি পদক্ষেপ নিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত ‘নির্মল বায়ু নিশ্চিত করণ : প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক জাতীয় সংলাপে বক্তারা এ কথা বলেন। সংলাপ আয়োজন করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স, তেমনি বায়ু দূষণের ক্ষেত্রেও একইভাবে জিরো টলারেন্স নীতিতে আমাদের চলতে হবে। বায়ুদূষণ বিধিমালায় দায়িত্বপ্রাপ্ত ১৩টি মন্ত্রণালয় ও ৩৫টি সংস্থা আছে। তারা যথাসময়ে প্রয়োজন অনুযায়ী তাদের দায়িত্ব পালন না করায় চাপটা এক তরপাভাবে পরিবেশ অধিদপ্তরের দিকে চলে আসে।