বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশের পোশাক শিল্প বৃহত্তর পরিবেশগত সাসটেইনেবিলিটির জন্য রৈখিক (লিনিয়ার) ব্যবসায়িক মডেল থেকে বৃত্তাকার (সার্কুলার) অর্থনীতিতে রূপান্তরের দিকে ক্রমবর্ধমানভাবে মনোযোগী হচ্ছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বকে কতটা পরিবর্তিত করবে তা এখনও স্পষ্ট নয়, তবে একটি বিষয় নিশ্চিত যে পরিবেশের মূল্যে ব্যবসা আর করা যাবে না। বর্তমান সময়ে এবং আগামী বছরগুলোতে নেয়া সিদ্ধান্তগুলো নিশ্চিতভাবেই এই গ্রহের ওপর প্রভাব রাখবে। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘দি কেইস ফর জাস্ট ট্রানজিশনস ইন এনার্জি, এগ্রিকালচার অ্যান্ড আরএমজি সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবের হোসেন চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।