দিনে দিনে কমে আসছে বনভূমি। মানুষের আগ্রাসন ও নানা উন্নয়ন প্রকল্পে হারিয়ে যাচ্ছে গভীর বন। এ অবস্থায় ২০২০ সালের মধ্যে দেশের মোট ভূখণ্ডের ১৭ শতাংশকে সংরক্ষিত বনাঞ্চল করার ঘোষণা দিয়েছিল সরকার। জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখতে জাতিসংঘের একটি সনদে স্বাক্ষর করে ওই ঘোষণা দেওয়া হয়। বিশ্বের প্রায় সব দেশই তাতে সম্মত হয়। কিন্তু এখনও সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ। উল্টো যেটুকু সংরক্ষিত বন আছে, তাও উজাড় হওয়া থেকে রক্ষা পাচ্ছে না। দখলদারদের লোলুপ দৃষ্টি পড়েছে সংরক্ষিত এসব বনে। আর নানা প্রকল্পেও নেওয়া হয়েছে সংরক্ষিত বন ধ্বংসের আয়োজন। এমন প্রেক্ষাপটে আজ মঙ্গলবার পালিত হচ্ছে আন্তর্জাতিক বন দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সুস্থ দেহে সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’।