বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়টি প্যারিস এগ্রিমেন্টে ছিল না। সেখানে ২ ডিগ্রি সেলসিয়াস ধরা হলে আমরাই এর বিপক্ষে আওয়াজ তুলি। এখন অনেক দেশ যে ১ দশমিক ৫ কথাটি বলছে তা আমরা শুরু থেকেই বলে এসেছি। এটি বাংলাদেশের একটি অর্জন। তবে ২৬ বছর পেরোলেও এখনো কপ এর কার্যপরিধি নির্ধারণ করা যায়নি। তাই আমরা বা অন্যান্য দেশ এই সম্মেলন থেকে যা প্রত্যাশা করছি তা দর কষাকষির মাধ্যমে চাহিদা অনুযায়ী অর্জন সম্ভব হচ্ছে না। আসন্ন কপ-২৭ সম্মেলনে জলবায়ু কূটনীতি কী হবে তা নিয়ে বাংলাদেশের নাগরিক সমাজের ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া কনফারেন্স হলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) নির্বাহী প্রধান মো. শামসুদ্দোহা। আরো বক্তব্য রাখেন একশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।