বর্তমান সময়কার রাজনীতি ও পরিস্থিতির নানা জটিলতা ইদানিং আমায় নিদারুণভাবে ব্যথিত করে তোলে। চলতে ফিরতে ইদানিং আগের মতো করে আর অনুপ্রেরণা পাই না। বয়সে নেহাত তরুণ হলেও মাঝেমধ্যেই বৃদ্ধাদের মতো বার্ধক্যের জটিলতা অনুভব করতে পাই। প্রায়শই মোবাইল ফোনটি বন্ধ করে একলা আনমনে ছুটে চলি গন্তব্যহীণ পথে। রাস্তার পাশে এলোপাথাড়ি অট্টালিকার কক্ষগুলোতে মানবিকতার অভাব স্পষ্টই দেখতে পাই। নিজের রাজনৈতিক ব্যক্তিত্বের সূচনালগ্ন থেকেই ধন-সম্পদ-কামনা-বাসনা-ভোগ-বিলাসের মোহময়তা আমার শরীর-মন-মস্তিষ্ককে উজ্জীবিত বা উত্তেজিত করে তোলেনি কখনওই। উপরন্তু মানবিকতাকে উপেক্ষা করে অর্থকড়ির জন্য ছুটে চলেছি এধরণের অভিযোগ আমার ঘোরতর শত্রুরাও বলতে ব্যর্থ হবেন। কিন্তু গত দুই বছরে আমার জীবনে ঘটে যাওয়া নির্মম বাস্তবতার উপর ভিত্তি করে আমি এখন জোড়ালভাবে বলতে পারি আমার এতোদিনের জীবনদর্শনের প্রতিটি পৃষ্ঠা ছিলো নেহাত ভূলে ভরা।