দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। গতকাল শনিবার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে রাজধানীর সবুজবাগ বৌদ্ধবিহারে ‘বাংলাদেশ-ভারতের বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ ঐতিহ্য’ শীর্ষক সেমিনারে উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মাহাথেরোর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। এছাড়াও বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহসভাপতি ডা. বিক্রম প্রসাদ বড়–য়া ও সহসভাপতি ডা. উত্তম কুমার বড়ুয়া।