শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের নৈতিক জয় হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, এমপি। সোমবারের ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। তেমন বড় স্কোর না হলেও ম্যাচের শেষ দিকে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন মাহমুদউল্লাহরা। কিন্তু শেষ পর্যন্ত জয় পাননি তারা। ম্যাচ জিততে না পারলেও শেষ ওভারে বাংলাদেশ অধিনায়ক অসাধারণ বোলিং করে পাকিস্তান শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। সাবের হোসেন চৌধুরীর মতে ম্যাচে মাহমুদউল্লাহর স্পোর্টিং মনোভাবে সবাইকে মুগ্ধ করেছে। তিনি নিজেও মুগ্ধ হয়েছেন বাংলাদেশ অধিনায়কের মনোভাবে।